বেনাপোলে ৬৫ হাজারেরও বেশি ডলারসহ আটক ১
বেনাপোলে অভিযান চালিয়ে ৬৫ হাজার ৪০০ মার্কিন ডলারসহ সজিব হোসেন (২৮) নামের একজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। আজ বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বেনাপোল সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক সজিব শরীয়তপুর জেলা সদরের বাসিন্দা। বেনাপোল চেকপোস্টে ইকবাল নামে একজন তাকে এই ডলারগুলো দিয়েছেন বলে তিনি জানান।
বিজিবি জানায়, তারা গোপন সংবাদে জানতে পারে একজন বৈদেশিক মুদ্রাপাচারকারী বিপুল পরিমাণ মার্কিন ডলারের একটি চালান ভারত থেকে পাচার করে ঢাকায় নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল বাজারের সোহাগ পরিবহনের সামনে অভিযান চালিয়ে সজিবকে আটক করে। পরে ক্যাম্পে নিয়ে তার লাগেজ তল্লাশি করে ৬৫ হাজার ৪০০ মার্কিন ডলার পাওয়া যায়। যা বাংলাদেশি টাকা প্রায় ৫৬ লাখ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত সজিবকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল