বেনাপোলে পিস্তল-গুলি উদ্ধার, ‘বিষাক্ত‘ সুজন আটক
যশোরের বেনাপোল উপজেলার গাজিপুর গ্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও তিনটি গুলি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত একাধিক মামলার আসামি সুজন আলী (৩৫) ও তাঁর সহযোগী আল-আমিনকে (৩৪) আটক করেছে পুলিশ।
আটক সুজন বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের ও আল-আমিন গাজিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল রাতে সুজন ও আল-আমিন বড় ধরনের অপরাধ সংঘটিত করতে যাচ্ছেন, এমন গোপন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। পরে সুজনের কাছ থেকে বিদেশি পিস্তল ও তিনটি গুলি জব্দ করা হয়।
পুলিশের আরো দাবি, সুজন একজন অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি এলাকায় ’বিষাক্ত’ সুজন নামে পরিচিত। তিনি স্বর্ণ-ডলারসহ বিভিন্ন মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র, মাদক ও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।’

মহসিন মিলন, বেনাপোল