বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকের চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হরিণচড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার ঢাকুর গ্রামের ট্রাকচালক রাজু শেখ (৩০) এবং ভাটগ্রামের শফিকুল ইসলাম খোকনের ছেলে চালকের সহকারী রনী শেখ (২২)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতারুজ্জামান বলেন, সকালে ঢাকা থেকে ড্রামবোঝাই একটি ট্রাক রাজশাহী যাচ্ছিল। ট্রাকটি হরিণচড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী শ্যামলী পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এতে ঘটনাস্থলে ট্রাকের চালকের সহকারী রনী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচালক রাজু শেখ মারা যান।

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ