বর্ণিল সাজে কংগ্রেসে যোগ দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা
টেস্ট ক্রিকেটে গোলাপি বলে বাংলাদেশ দলের যাত্রা শুরুর পর এবার গোলাপি সাজে কংগ্রেসে যোগ দিচ্ছেন যুবলীগের নেতাকর্মীরা। আজ শনিবার সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এলাকা নেতাকর্মীদের পদচারণায় মুখর হতে শুরু করে। সমাগম বেড়ে স্লোগানে স্লোগানে উত্তাল হয় কংগ্রেস প্রাঙ্গণ।
শনিবার সকাল থেকে গোলাপি ছাড়াও লাল, সবুজ, সাদা বিভ্ন্নি রঙের পোশাকে বর্ণিল সাজে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন নেতাকর্মীরা। অনেকে নিজ নিজ নেতার ছবি সংবলিত পোস্টার হাতে নিয়েছেন। আবার মিছিলে অনেক নেতাকর্মীর মাথায় জাতীয় পতাকা দেখা যায়।
সম্মেলনে যোগ দিতে আসা মাদারীপুর জেলা যুবলীগের সহসভাপতি ফারুক মিয়া এনটিভি অনলাইনকে বলেন, ‘যুবলীগের গায়ে যে দাগ লেগেছে, আমরা আশা করি এবারে কংগ্রেসের মাধ্যমে সেই দাগ মুছে যাবে।’
‘শেখ ফজলুল হক মণি ভাইয়ের রক্ত যদি দায়িত্বে আসে তাহলে যুবলীগ তার হারানো গৌরব ফিরে পাবে’ নেতৃত্ব প্রসঙ্গে একথা বলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসলামুল ইসলাম।
আজ শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে যুবলীগের সপ্তম কংগ্রেস (সম্মেলন)। সোহরাওয়ার্দী উদ্যানের এই সম্মেলনের প্রথম সেশনে উপস্থিত থেকে এর উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মাসেতুর আদলে গড়ে তোলা হয়েছে উদ্বোধনী মঞ্চ। দ্বিতীয় সেশনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
শীর্ষ এই দুটি পদ পেতে অনেকেই তৎপর। খোঁজ নিয়ে ও নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক পদে অনেকেই আলোচনায় আছেন।
চেয়ারম্যান হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের মধ্যে রয়েছেন- যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণির ছেলে শেখ ফজলে শামস পরশ ও সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বর্তমান কমিটির সদস্য শেখ ফজলে ফাহিম (শেখ সেলিমের ছেলে), যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, বর্তমান প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, ফারুক হোসেন, মুজিবুর রহমান চৌধুরী, আতাউর রহমান, বেলাল হোসেন ও ডা. মোখলেছুর রহমান হিরু।
আর সাধারণ সম্পাদক পদে আলোচনায় আছেন বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি ও সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, অর্থ সম্পাদক সুভাষ চন্দ্র হালদার, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, সহসম্পাদক তাজউদ্দীন আহমেদ।

নিজস্ব প্রতিবেদক