ফরিদপুরে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
ফরিদপুরে স্ত্রী হাসি বেগমকে (২৮) হত্যার দায়ে স্বামী জাহাঙ্গীর মীরের (৩৪) যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। সেইসঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর ফরিদপুর সদরের বঙ্গেশ্বর্দী গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। অপরদিকে নিহত হাসি বেগম পাশের বোয়ালমারী উপজেলার সাতৈর গ্রামের আবু মৃধার মেয়ে।
বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২০ এপ্রিল দুপুরে পারিবারিক কলহের কারণে স্ত্রীকে মারপিট করেন জাহাঙ্গীর। একপর্যায়ে হাসি বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে জাহাঙ্গীর স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনায় বঙ্গেশ্বর্দী গ্রামের দফাদার আয়নাল মোল্লা বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ২০১৮ সালের ২৪ আগস্ট এ মামলার অভিযোগপত্র দেন তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. আসলাম উদ্দিন।
গত ২০১৮ সালের ২ জুন গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীরকে। গ্রেপ্তারের পর থেকে তিনি জেলহাজতে ছিলেন। গতকাল রায়ের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। জাহাঙ্গীরকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সঞ্জিব দাস, ফরিদপুর