ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় নিহত ১
ফরিদপুর সদরপুর উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় আতা মোল্লা নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন।
গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার চরমানাইড় ইউনিয়নের অছির মোল্যার ডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ভোরে তিনি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে আতা মোল্লা, আব্দুল আলী মোল্লা, মোতাহার মোল্লা ঢাকা যাওয়ার জন্য কাঁঠালবাড়ি ফেরিঘাটে যাচ্ছিলেন। তারা প্রতিপক্ষ জহির মোল্লার বাড়ির সামনে গেলে তাদের অটোরিকশা থামানো হয়। এরপর জহির মোল্লার লোকজন তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে তিনজন গুরুতর জখম হন।
আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আতা মোল্লা চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে মারা যান।
আতা মোল্লার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তাদের পক্ষের লোকজন প্রতিপক্ষের বাড়িঘড়ে ভাঙচুর চালায়।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, ‘এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

সঞ্জিব দাস, ফরিদপুর