ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
ফরিদপুরের নগরকান্দায় আজ শনিবার সকালে করোনার উপসর্গ নিয়ে কোদালিয়া শহীদ নগর ইউনিয়নের ভাজন কান্দা এলাকায় চঞ্চল মুন্সি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নমুনা ও তাঁর স্ত্রীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে বলে উপজেলা নির্বাহী অফিসার জেতি প্রু জানিয়েছেন। মৃত ব্যক্তি ৮-১০ দিন ধরে শ্বাসকষ্ট ও গলা ব্যথায় ভুগছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিকে ফরিদপুরে করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে চার জনে। এর মধ্যে নগরকান্দায় তিনজন। অপরজনের বাড়ি বোয়ালমারী উপজেলায়। বোয়ালমারী উপজেলায় এই প্রথম কোনো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হলো। বাকি তিনজনের বাড়ি নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নে। নতুন করে আক্রান্ত দুজন হলেন, নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ডাঙ্গি গ্রামের এক ব্যক্তি ও তাঁর স্ত্রী। অন্যজনের বাড়ি বোয়ালমারীর গুনবহা ইউনিয়নের চান্দিনা গ্রামে। তিনি কয়েক দিন আগে নগরকান্দা উপজেলা ডাঙ্গি ইউনিয়নে তাঁর শ্বশুরবাড়ি বেড়াতে এসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে বোয়ালমারী উপজেলা প্রশাসন তরফ থেকে দুপুর নাগাদ লকডাউন ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

সঞ্জিব দাস, ফরিদপুর