প্রতিদিন বিকেল ৫টা থেকে ছয় ঘণ্টা সিএনজি মিলবে না স্টেশনে
দেশের বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন ছয় ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত- এই ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। এই সময়ে স্টেশন থেকে কোনো গাড়ি গ্যাস নিতে পারবে না।
এ আদেশ আগামী বুধবার থেকে কার্যকর হতে পারে বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন।
সূত্র জানায়, গতকাল রোববার সহকারী সচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয় বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে সভাপতিত্ব অনুষ্ঠিত একটি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্তের বিষয়ে বলা হয়, বিদ্যুতের দৈনিক পিক আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।
কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় গণবিজ্ঞপ্তি আকারে প্রকাশের পর সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে এ ব্যাপারে এখনো কোনো সরকারি নির্দেশনা পাননি বলে জানিয়েছে বাংলাদেশ সিএনজি ওনার্স অ্যাসোসিয়েশন। সগঠনটির সাধারণ সম্পাদক ফারহান নূর বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আমাদের কিছুই জানানো হয়নি।

নিজস্ব প্রতিবেদক