পাহাড়ে মিলল অস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ১
চট্টগ্রামের বাশঁখালীর পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব-৭। সেই কারখানায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কারিগরকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে এমন তথ্য জানিয়েছেন র্যাব ৭-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এম এ ইউছুফ।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জাকির হোসেন ওরফে জাকিরুল্লাহকে।
র্যাব জানায়, গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার চাম্বল ইউনিয়নে জঙ্গল চাম্বল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির কারিগরকে গ্রেপ্তার করা হয়। সেইসঙ্গে কারাখানা থেকে দেশীয় তৈরি (সদ্য তৈরি) পাঁচটি ওয়ান শুটার গান, দুটি টু টু রাইফেল জব্দ করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, ‘তৈরি করা এসব অস্ত্র দিয়ে মাদক পাচারকালে সুরক্ষা দেওয়া, সাগরে থাকা জলদস্যু ও সড়ক মাহসড়কে ডাকাতির কাজে ব্যবহার হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন কেন্দ্রিক কোনো কাজে অস্ত্র ব্যবহার বা করার পরকিল্পনা করছে কি না, তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে গোয়েন্দা নজরদারি চলছে।’
গ্রেপ্তার হওয়া জাকিরুল্লাহকে বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র্যাব কর্মকর্তা।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম