পশুর নদে কয়লাবোঝাই কার্গো জাহাজডুবি
মোংলার পশুর নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বন্দর জেটির অপর পাশে কাটাখালী নামক এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় ওই জাহাজটিতে থাকা নয়জন জাহাজের কর্মী ও একজন নিরাপত্তাকর্মী সাঁতরে তীড়ে উঠে যান।
ডুবে যাওয়া কার্গো জাহাজ ‘এমভি ইফসিয়া মাহিন’-এর মাস্টার মো. শাহ আলম জানান, মোংলা বন্দরের হাড়বাড়িয়া কেন্দ্রে থাকা একটি বিদেশি জাহাজ থেকে গত রোববার ভোরে কয়লাবোঝাই করে কার্গোটি। প্রায় ৪০০ মেট্রিক টন কয়লাবোঝাই শেষে সকাল ৯টার দিকে পশুর নদের বানীশান্তা বাজার বয়ায় অবস্থান নেয়। সেখানে থাকাকালে আজ দুপুরের আগে প্রচণ্ড পানির স্রোতের কারণে বয়া থেকে জাহাজের রশি ছিড়ে যায়। এ সময় ১০ থেকে ১২টি জাহাজ ওই বয়া থেকে ছুটে যায়। পরে ওই জাহাজগুলো দুর্ঘটনা এড়াতে যে যার মতো নিরাপদে সরতে থাকে। এ সময় ওই সব কার্গোর মধ্যে একটির সঙ্গে ধাক্কা লাগে ইফসিয়া মাহিনের। এতে জাহাজটির বাঁ পাশের হ্যাচ ফেটে যায়।
মাস্টার বলেন, ‘এরপরও জাহাজটি বাঁচাতে আমরা প্রাণপন চেষ্টা করি। তবু জাহাজটি ভাসতে ভাসতে বানীশান্তা থেকে কাটাখালী গেলে সেখানে ফাটা জায়গা থেকে পানি উঠে একপর্যায়ে ডুবে যায়।’
জাহাজটি চ্যানেলের বাইরে চরের দিকে ডোবায় মূল চ্যানেল নিরাপদ রয়েছে বলে জানিয়েছে বন্দরের হারবার বিভাগ।
ডুবে যাওয়া জাহাজটির কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ায় যাওয়ার কথা ছিল।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি রাতে মোংলা বন্দরের পশুর নদে ৭০০ মেট্রিক টন কয়লা নিয়ে ডুবে যায় এমভি বিবি-১১৪৮ নামক একটি কার্গো।

আবু হোসাইন সুমন, মোংলা