নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি, গ্রেপ্তার ২
নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
নড়াইলে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ও মজুদ রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, টিসিবির পণ্য অবৈধভাবে কেনায় সদর উপজেলার নাকসী বাজারের লিটন শিকদারকে (৩৫) তাঁর দোকান থেকে গ্রেপ্তার করে পুলিশ। লিটন নাকসী গ্রামের বাসিন্দা।
এ সময় লিটনের দোকান থেকে টিসিবির ১৮ বস্তা চিনি (বস্তাপ্রতি ৫০ কেজি) এবং ২৪ বস্তা ছোলা (বস্তাপ্রতি ২৫ কেজি) জব্দ করা হয়। লিটন জানান, তিনি নড়াইলের রূপগঞ্জ বাজারের টিসিবির ডিলার পরিতোষ কুন্ডুর (৬৫) কাছ থেকে এসব চিনি ও ছোলা কিনেছেন।
এরপর রূপগঞ্জ বাজার থেকে পরিতোষ কুন্ডুকে গ্রেপ্তার করে পুলিশ। পরিতোষ শহরের কুড়িগ্রাম এলাকার স্বর্ণপট্টির বাসিন্দা। তাদের দুজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

এম. মুনীর চৌধুরী, নড়াইল