নেত্রকোনায় ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন
নেত্রকোনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে ইব্রাহিম মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের বিচারক মো. ইফতেখার বিন আজিজ আসামির উপস্থিতিতে এ রায় দেন।
আদালত সূত্রে জানা গেছে, জেলার আটপাড়া উপজেলার ইব্রাহিম মিয়া ২০১৫ সালের ৩ মার্চ সন্ধ্যায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্জন স্থানে একা পেয়ে ধর্ষণ করেন। পরে এ ঘটনায় শিশুটির বাবা তার বিরুদ্ধে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।
আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ বিচার মো. ইফতেখার বিন আজিজ আসামি ইব্রাহিমকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।
সরকার পক্ষে আইনজীবী ছিলেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রাসেল আহমেদ খান এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আসাদুল হক আকন্দ।

ভজন দাস, নেত্রকোনা