‘ধমক দেওয়ায়’ কুপিয়ে হত্যা, ভাইকে জখম
যশোর সদর উপজেলায় সাব্বির আহমেদ রাসেল (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় তাঁর ভাই আল আমিনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আল আমিনকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকায় স্থানান্তর করা হয়।
নিহত সাব্বির আহমেদ রাসেল সদর উপজেলার আরবপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি আবু সালেক আলীর ছেলে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
সাব্বির আহমেদ রাসেলের বাবা আবু সালেক আলী জানান, গতকাল বুধবার রাত ১১টার দিকে দুই ছেলেকে নিয়ে তিনি বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবুসহ কয়েকজন মোটরসাইকেলে করে সেখানে বেপরোয়াভাবে চলাচল করায় সাব্বির তাদের ধমক দেন। এর কিছুক্ষণ পরই দুর্বৃত্তরা দলবলসহ সেখানে গিয়ে রাসেল ও আল আমিনকে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা রাসেল ও আল আমিনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবদুর রশিদ জানান, হাসপাতালে নেওয়ার আগেই রাসেলের মৃত্যু হয়। আল আমিনের অবস্থাও গুরুতর। সে কারণে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।

সাইফুল ইসলাম সজল, যশোর