দুর্ঘটনার আশঙ্কায় ট্রলার থেকে নদীতে ঝাঁপ যাত্রীদের, যুবকের মৃত্যু
মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় ধলেশ্বরী নদীতে আজ মঙ্গলবার ভোরে লঞ্চের সঙ্গে সংঘর্ষের আশঙ্কায় ট্রলার থেকে ঝাঁপ দেন কয়েকজন যাত্রী। এর মধ্যে ছয় থেকে সাতজনকে উদ্ধার করা গেলেও রাজু (৩০) নামের এক যুবককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজু ভোলার লালমোহন উপজেলার ফজলু মুন্সীর ছেলে।
মুন্সীগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) বাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে লঞ্চের সঙ্গে সংঘর্ষ হওয়ার ভয়ে ট্রলার থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে লাফিয়ে পড়েন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে যাত্রীদের উদ্ধার করেন। এর মধ্যে ছয় থেকে সাতজনকে জীবিত পাওয়া যায়। তবে রাজু নামের এক যাত্রীকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রী শাহাদাত জানান, আজ ভোরে ভোলার লালমোহন থেকে ছেড়ে আসা যাত্রীবোঝাই এমভি জাহিদ-৮ নামের লঞ্চ থেকে মুন্সীগঞ্জ লঞ্চঘাটের কাছে ধলেশ্বরীতে ট্রলারে নামেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে হঠাৎ অপর একটি লঞ্চ ট্রলারের কাছাকাছি চলে এলে ট্রলারের বেশ কয়েকজন যাত্রী ভয়ে নদীতে লাফিয়ে পড়েন।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ