দিনাজপুরের খামারে অগ্নিকাণ্ডে পুড়ে মরল অর্ধশত ছাগল
দিনাজপুরের বিরল উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছাগলের খামার। ছবি : ইউএনবি
দিনাজপুরের বিরল উপজেলার একটি খামারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৫টি ছাগল মারা গেছে। আজ রোববার ভোরে উপজেলার রবিপুর গ্রামে আদনান ও মুন্নার যৌথ ছাগলের খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
খবর পেয়ে বিরল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
খামারের স্বত্বাধিকারী আদনান বলেন, ‘আমাদের খামারে থাকা দেশি-বিদেশি উন্নত হরিয়ানা জাতের পাঁঠা ও টিয়ামুখী জাতের প্রায় ৪৫টি ছাগল অগ্নিকাণ্ডে পুড়ে মারা গেছে।’ তবে কীভাবে আগুন লেগেছে, তা সঠিকভাবে জানাতে পারেননি তিনি।
আজ সকালে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনাত আরা ঘটনাস্থল পরিদর্শক করেছেন।

অনলাইন ডেস্ক