তরুণীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, চারজন আটক
চাঁদার দাবিতে অপহরণের চার ঘণ্টার পর কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব-১১।
আটককৃতরা হলেন জেলার লালমাই থানার ছনগাঁওয়ের আব্দুল মুমিন, সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের সিয়াম, উড়াশার গ্রামের সাইমন হাসান ও চৌদ্দগ্রামের জামিয়ার আরিফ হোসেন।
আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর শাকতলা র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ সিপিসি-২ এর কমান্ডার তালুকদার নাজমুস সাকিব এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা জানান, বেশি বেতনে অন্য গার্মেন্টসে চাকরি দেওয়ার কথা বলে কুমিল্লা ইপিজেডের এক গার্মেন্টসকর্মীকে তাঁর আগের চার সহকর্মী ফুসলিয়ে ২ নম্বর ইপিজেড গেইটের ইয়াছিন মার্কেট সংলগ্ন একটি দোকানে আটকে রাখে। পরে মেয়েটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে তাঁর বাবাকে কল করে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে মেয়ের বাবা বিষয়টি র্যাবকে জানান। র্যাব সদস্যরা মেয়ের বাবার সঙ্গে মুক্তিপণের টাকা দিতে গিয়ে চারজনকে আটক করে এবং অপহৃত তরুণীকে উদ্ধার করে।
এ ঘটনায় আটককৃতদের কোতোয়ালি থানায় হস্তান্তরের পর র্যাব বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে একটি অপহরণ মামলা করেছে।
কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আরিফুর রহমান জানান, আসামিদের থানা হাজতে রাখা হয়েছে। আগামীকাল আদালতে পাঠানো হবে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা