ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি বন্ধ
ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে পারাপারের অপেক্ষায় আটকে আছে প্রায় ২০০ যানবাহন। ছবি : এনটিভি
ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় মাঝ নদীতে নোঙর করা আছে তিনটি ফেরি। ঘাট এলাকায় নদী পারাপারের অপেক্ষায় আটকে আছে ছোট বড় প্রায় ২০০ যানবাহন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক মো. ফয়সাল আহম্মেদ জানান, ঘন কুয়াশার কারণে দিক নির্দেশক- সিগন্যাল বাতি, মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে আসে। চালকরা নদীর মাঝপথে ফেরি নোঙর করে রাখতে বাধ্য হন।
দুর্ঘটনা এড়াতে ভোররাত সাড়ে ৪টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান ঘাট ব্যবস্থাপক।

মঈনউদ্দিন সুমন, মুন্সীগঞ্জ