গাজীপুরে অগ্নিকাণ্ড, নিহতের পরিবার পেল ১ লাখ টাকা
গাজীপুরে লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে কারখানা কর্তৃপক্ষ। আজ রোববার দুপুরে গাজীপুর প্রেসক্লাব চত্বরে কারখানার প্রধান বিক্রয় কর্মকর্তা মো. শফিকুর রহমান নিহত ১০ শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন। প্রত্যেক শ্রমিকের জন্য এক লাখ টাকা করে দেওয়া হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে কারখানার প্রধান বিক্রয় কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘কারখানা যত দিন থাকবে, তত দিন নিহত শ্রমিকদের প্রতি পরিবারকে মাসে ১০ হাজার টাকা করে এবং উৎসব ভাতা দেওয়া হবে। এ ছাড়া তাদের পরিবারের যোগ্য সদস্যকে চাকরি এবং সন্তানদের লেখাপড়ার খরচও দেওয়া হবে। আগুনে আহতদের চিকিৎসার সার্বিক সহায়তা দেওয়া হবে।’
চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত ১০ শ্রমিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কারখানার লিগ্যাল অ্যাডভাইজার আবুল কালাম আজাদ।
নিহতদের স্বজনরা জানায়, কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে লাশ দাফনের জন্য তাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার টাকাএবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো ২৫ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া কারখানা কর্তৃপক্ষ আহতদের চিকিৎসার সার্বিক সহায়তা দিয়েছে।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার কেশরিতা এলাকার রুজা হাইটেক গ্রুপের লাক্সারি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ শ্রমিক নিহত ও দুজন দগ্ধ হন।
এ ঘটনায় নিহত শ্রমিক রাশেদের বাবা কামাল হোসেন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে সাতজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেন। ঘটনা তদন্তের জন্য গাজীপুর জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি করা হয়।
চেক নিতে এসে নিহত ইউসুফ আলীর স্ত্রী হাজেরা জানান, হায়াত মউত আল্লাহর হাতে। যিনি গেছেন তিনি তো আর ফিরে আসবেন না। তবে তিনি তাঁকে ও তাঁর শিশু সন্তানের ভরণ-পোষণের দাবি জানিয়েছেন কারখানা কর্তৃপক্ষের কাছে।

নাসির আহমেদ, গাজীপুর