খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল মিছিল
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিশাল মিছিল করেছে দলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে জাতীয় প্রেসক্লাব থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে বিএনপির নেতাকর্মীদের স্লোগান আর পদচারণায় প্রকম্পিত হয় প্রেসক্লাব, হাইকোর্টসহ আশপাশের এলাকা।
হঠাৎ দুপুরে হওয়া এ মিছিলে নেতৃত্ব দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন। হাইকোর্টের দ্বিতীয় গেটসহ আশপাশের সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
দুপুর ২টার দিকে পুলিশের রমনা জোনের উপকমিশনার (ডিসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মৎস্য ভবন থেকে এসে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া দেয়। ধাওয়া খেয়ে মিছিল থেকে কয়েকজন ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এরপর নেতাকর্মীরা প্রেসক্লাব, নয়াপল্টন হয়ে চলে যায়।

নিজস্ব সংবাদদাতা