কুমিল্লায় হত্যারহস্য উদঘাটন, গ্রেপ্তার ১
কুমিল্লার মুরাদনগর থানার চাঞ্চল্যকর বিকাশ চন্দ্র বর্মণের ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত শাকিব নামের একজনকে গ্রেপ্তার ও জব্দ করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল।
নিহত কিশোর বিকাশ চন্দ্র বর্মণ (১৬) মুরাদনগর উপজেলার জেলাপাড়ার বাসিন্দা।
আজ মঙ্গলবার সকালে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আজিমুল আহসান জানান, গত ৩০ অক্টোবর রাতে কিশোর বিকাশ চন্দ্র বর্মণ লক্ষ্মীপূজার দেখতে পাশের মনা বাবুর বাড়িতে যায়। সেখানে থেকে চা খেতে বন্ধুদের সঙ্গে মুরাদনগর বাজারে যায়। পরে ওই রাতে ও পরের দিন সে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে তার বাবা প্রহ্লাদ চন্দ্র বর্মণ বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
গত ২ নভেম্বর ভিকটিমের বাড়ির পাশে পুকুরের কচুরিপানার নিচ থেকে বিকাশের লাশ উদ্ধার করে পুলিশ। তদন্তে পূজা বাড়িতে পাওয়া খুনির পায়ের জুতা পর্যবেক্ষণ, সেদিন উপস্থিত লোকজনদের জিজ্ঞাসাবাদ ও প্রযুক্তির সহায়তা নিয়ে অভিযুক্ত শাকিবকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি বিকাশ বর্মণের মোবাইল সেটটি ছিনিয়ে নিতেই তাঁকে ছুরিকাঘাতে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার কথা স্বীকার করেছেন।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা