কুমিল্লায় যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় পূর্ব বিরোধের জের ধরে জহিরুল ইসলাম (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার আড়াইওড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম একই উপজেলার সাতরা চম্পকনগর এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। তিনি শহরতলীর শাসনগাছা এলাকায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে মাস্টাররোলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
নিহত জহিরুল ইসলামের বন্ধু এরশাদের বরাত দিয়ে পুলিশ জানায়, গতকাল রাত ৮টার দিকে এরশাদকে সঙ্গে নিয়ে জহিরুল মোটরসাইকেল সার্ভিসিং করানোর জন্য আড়াইওড়া এলাকায় যান। এ সময় অ্যাডভোকেট সাইফুদ্দিন সবুজ ও আজহারুল ইসলাম নামের দুই ব্যক্তি তাঁকে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে তাঁকে ছুরিকাঘাত করলে জহিরুলের চিৎকারে স্থানীয়রা এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে।
আশঙ্কাজনক অবস্থায় জহিরুলকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মো. আনোয়ারুল হক বলেন, ‘পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা