কারো কাছে কেউ জিম্মি নয় : সড়ক পরিবহনমন্ত্রী
পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কারো কাছে কেউ জিম্মি নয়। তবে পিছু হটার বিষয় নেই। রয়েসয়ে চলতে হবে।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে সংবাদিকদের এ কথা বলেন ওবায়দুল কাদের।
নতুন সড়ক পরিবহন আইন ও পরিবহন শ্রমিকদের আন্দোলন নিয়ে তিনি বলেন, ‘সড়ক আইনের বিষয়টি নিয়ে সমস্যা সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্ব দিয়েছি। যখন পরিবহন নেতাদের সঙ্গে বৈঠক করেছি, তারা আমার সঙ্গে আলোচনা করেছেন। তাঁরা তাঁদের দাবি জানিয়েছেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখব। এ মুহূর্তে কিছু করা সম্ভব নয়। সংসদে যেহেতু আইন পাস হয়েছে, প্রধানমন্ত্রীর সঙ্গেও বিষয়টি আলোচনা করব।’
ওবায়দুল কাদের বলেন, ‘আইনের প্রয়োগে যতটা সহনীয়ভাবে দেখা যায়, দেখব। যখন অচলাবস্থা হয়, তখন মিডিয়াও বলে ভোগান্তি হচ্ছে। সব বন্ধ হলে অচলাবস্থা সৃষ্টি হয়। বাস্তবতার নিরিখে রয়েসয়ে চলতে হবে। কারণ, বাস্তবতা ভিন্ন। আইনের বিধি হয়ে গেলে অনেক কিছু সমাধান হবে। সবার আলোচনার পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত তো চাপিয়ে দেওয়া হয়নি, সবার সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত সিদ্ধান্ত হয়েছে।’
পরিবহন নেতাদের কাছে সরকার জিম্মি কিনা—এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘কারো কাছে কেউ জিম্মি নয়। পরিবহন ধর্মঘটের সঙ্গে দুই দিনের অবস্থা বিচার করে দেখেন। মিডিয়া বিষয়টি নিয়ে ইতিবাচকভাবে আইনের পক্ষে অবস্থা নিয়েছে। তবে এক সপ্তাহ অচলাবস্থা হলে মিডিয়ার সুর পাল্টে যাবে। প্রথম দু-তিন দিন আপনারা আইনের পক্ষে থাকবেন। পণ্য সরবরাহ বন্ধ হলে কী হবে?’
সরকার পরিবহন নেতাদের জন্য পিছু হটল কিনা—এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘পিছু হটার বিষয় নেই। যা বাস্তব, দেশের পরিস্থিতি অনুযায়ী যে বিষয় নিয়ে আমাদের অবস্থান নেওয়া দরকার, আইনি ব্যবস্থা রেখে জনস্বার্থে সিদ্ধান্ত নিয়েছি। দেশে তো ধর্মঘট নেই। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে পারি, তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে। কিন্তু তাতে যা হবে তাও কি বাস্তবসম্মত হতো?’
পরিবহন নেতাদের সিদ্ধান্তের বাইরেও ধর্মঘট হয়েছে, এখানে নানা মেরুকরণ হয়েছে বলেও জানান মন্ত্রী।
লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বিলম্বের বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দ্রুত বিআরটিএ এ বিষয়ে কাজ হবে। জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত জনবল সংকট সমাধান হবে। চালক তৈরির জন্য বিরাট প্রকল্প আছে, বিআরটিসি ও বিআরটিএ উদ্যোগ নিয়েছে। দক্ষ চালক সৃষ্টিতে পরিকল্পনা হাতে নিয়েছি।

নিজস্ব প্রতিবেদক