আসুন ঐক্যবদ্ধ হই, ইনশা আল্লাহ জনগণের বিজয় হবে : ড . কামাল
জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের প্রধান ড. কামাল হোসেন বলেছেন, ‘সবাই আসুন, ঐক্যবদ্ধ হয়ে শহরে-গ্রামে-জেলায় ঐক্যের ভিত্তিতে দাবি তুলে ধরি। সবাইকে নিয়ে মাঠে নামি। ইনশা আল্লাহ জনগণের বিজয় হবে। স্বাধীনতার ফসল পুরোভাগে আমরা ভোগ করতে পারব।’
আজ শনিবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় সম্মেলনে এসব কথা বলেন ড. কামাল হোসেন। রাজধানীর মহানগর নাট্যমঞ্চে এসব কথা বলেন ড. কামাল হোসেন। জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে কাউন্সিলে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
জেএসডির কেন্দ্রীয় সম্মেলনে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এ সময় তাঁরা বলেন, ‘ব্যর্থ নির্বাচন কমিশনের সহযোগিতায়, ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ব্যবসা করছে অভিযোগ করে বক্তারা বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বদলীয় ঐক্য গঠন এখন জরুরি।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আগামীকাল প্রেসক্লাবে জমা হব, কথা বলব। তারপর মিছিল করব। যদি বাধা দেয়, মানব না।’
গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটি সরকার হটকারিতার দ্বারা, গায়ের জোরে ভোট ডাকাতি করে বেশি দিন চলতে পারে না। অনেক দিন হয়েছে।’
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ‘দেশের নির্বাচন ব্যবস্থাকে ধংস করেছে সরকার, যা জাতির জন্য দুর্ভাগ্য।’ গণতন্ত্র ফিরিয়ে আনতে সবার আগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আরো বৃহত্তর ঐক্য তৈরি করতে হবে। শুধু ঐক্যফ্রন্ট এবং অন্যান্য জোট নয় দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করে আমাদের লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।’
ভারতের এনআরসি ইস্যুকে সরকারের গুরুত্ব না দেওয়া, দেশকে সুপরিকল্পিতভাবে দুর্যোগময় ভুখণ্ড করার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

নিজস্ব প্রতিবেদক