আসামি ছাড়িয়ে নিতে তিন পুলিশকে কুপিয়ে জখম
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় আসামিদের ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তারা হলেন তাড়াইল থানার উপপরিদর্শক (এসআই) রাজীব আহমেদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হেমন্ত দেবনাথ ও ফজলুল হক। তাঁদের মধ্যে গুরুতর আহত অবস্থায় এসআই রাজীবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, এএসআই হেমন্ত দেবনাথ ও ফজলুল হককে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, গতকাল রাতে অটোরিকশা চুরির মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে আটক করতে পুলিশ দড়ি জাহাঙ্গীরপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে তিন আসামিকেই আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় আটকের পরপরই পেছন থেকে তাঁদের সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
ওসি মুজিবুর রহমান আরো জানান, এ ঘটনায় রাতভর অভিযান চালিয়ে জড়িত সন্দেহে ছয় ব্যক্তিকে আটক করা হয়েছে।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ