গাজায় আরও ৪.৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তার ঘোষণা জাতিসংঘের
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর জাতিসংঘ গাজার জন্য অতিরিক্ত চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক শুক্রবার এ কথা জানান। খবর বাসসের।
মুখপাত্র বলেন, দখলকৃত ফিলিস্তিন ভূখণ্ডের জন্য এই সপ্তাহের শুরুর দিকে মানবিক সহায়তা হিসেবে জরুরি তহবিল সরবরাহের জন্য ১৪ দশমিক ৫ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণার পর জরুরি ত্রাণ সরবরাহ সমন্বয়ক শুক্রবার অতিরিক্ত আরও চার দশমিক পাঁচ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার কথা জানান।
মে মাসের শুরুর দিকে জেরুজালেমে আল আকসা মসজিদের কাছে সহিংসতা ছড়িয়ে পড়ার পর গত ১০ মে থেকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। ইসরায়েল গাজায় বিমান হামলা চালায় এবং গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়।
এই সংঘাতে গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫০ জন নিহত হয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫টি শিশু রয়েছে। ইসরায়েলের দাবি, গাজায় নিহতদের মধ্যে অন্তত দেড়শ সন্ত্রাসী রয়েছে। অন্যদিকে হামাসের রকেট হামলায় ইসরায়েলে দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

এনটিভি অনলাইন ডেস্ক