সুইট অ্যান্ড সল্টি ফ্রুট সালাদ
ইফতারির আয়োজনে ভাজাপোড়া খাবারের পাশাপাশি নিয়মিত সালাদ খাওয়ার অভ্যাস করুন। এতে শরীর সুস্থ থাকবে এবং তেল জাতীয় খাবারের পার্শ্বপ্রতিক্রিয়া কম হবে। তাই আজ ইফতারির টেবিলে সুইট অ্যান্ড সল্টি ফ্রুট সালাদ রাখতে পারেন। খুব সহজে তৈরি করতে রেসিপিটি দিয়েছেন শিরিন সুলতানা। জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে তৈরি করবেন স্বাস্থ্যকর সুইট অ্যান্ড সল্টি ফ্রুট সালাদ।
উপকরণ
আপেল ছোট ছোট করে কাটা তিন টেবিল চামচ, গোল করে কাটা কলা একটি, নাসপতি ছোট করে কাটা তিন টেবিল চামচ, তরমুজ ছোট করে কাটা তিন টেবিল চামচ, আঙুর কুচি এক টেবিল চামচ, স্ট্রবেরি কুচি এক টেবিল চামচ, কমলার রস তিন টেবিল চামচ, যেকোনো চাট মসলা সামান্য, অল্প গোল মরিচের গুঁড়া এবং লবণ স্বাদমত।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি বড় বাটিতে কাটা ফলের টুকরোগুলো মিশিয়ে নিন। এবার এতে কমলার রস, চাট মসলা, গোলমরিচের গুঁড়া ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। এখন ফলের এই মিশ্রণটি এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন। ইফতারের আগে ফ্রিজ থেকে নামিয়ে টেবিলে পরিবেশন করুন সুইট অ্যান্ড সল্টি ফ্রুট সালাদ।

জান্নাতুল এ্যানি