নতুন রেকর্ড তৈরি করবে ‘কাবালি’?
মুক্তির আগে থেকেই যেভাবে আলোচিত হয়েছিল ছবিটি, তাতে মুক্তির পর ছবিটির আয় কী রকম হলো, তা নিয়ে আগ্রহ জাগাটাই স্বাভাবিক। একদিনে কত হতে পারে রজনীকান্তের ‘কাবালি’র আয়?
ভারতের বড় বড় বলিউড তারকার ছবি ১০০ কোটি রুপিতে পৌঁছাতে সময় নেয় তিন থেকে চার দিন। কিছুদিন আগে সালমান খান অভিনীত ‘সুলতান’ প্রথম দিনে আয় করেছিল ৩৬ কোটি রুপি। আর রজনীকান্তের ছবি মুক্তির প্রথম দিনেই আয় করেছে আড়াইশ কোটি রুপি! এ শুধু রজনীকান্তের পক্ষেই সম্ভব।
‘কাবালি’ ছবির প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার মুক্তির প্রথম দিনেই শুধু তামিলনাড়ুর সিনেমা হলগুলো থেকে কাবালির আয় ১০০ কোটি রুপি! এ খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
নির্মাতা ও প্রযোজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটি আয় করেছে আড়াইশ কোটি রুপি। তামিলনাড়ু থেকে ১০০ কোটি রুপি এবং ভারতের অন্যান্য প্রদেশ থেকে আরো ১৫০ কোটি রুপি।
বিশ্বজুড়ে ৮ থেকে ১০ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘কাবালি’। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৮০টি, মালয়েশিয়ার ৪৯০টি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর ৫০০টি হলে মুক্তি দেওয়া হয়েছে।
এ ছাড়া যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, সুইজারল্যান্ড, ডেনমার্ক, হল্যান্ড, সুইডেন, দক্ষিণ আফ্রিকা ও নাইজেরিয়ায় ছবিটি মুক্তি দেওয়া হয়েছে। প্রযোজকদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিশ্বজুড়ে এখন পর্যন্ত ১০০ কোটি রুপি আয় করেছে কাবালি।’
পা রঞ্জিত পরিচালিত ছবিটিতে রজনীকান্তের বিপরীতে অভিনয় করেছেন রাধিকা আপ্তে। ছবিটি প্রযোজনা করেছেন কালাপুলি এস থানু। প্রযোজক থানু বলেন, ‘ভারতে কোনো অভিনেতার ছবির একদিনে এটাই শীর্ষ আয়। এ থেকেই বোঝা যায়, ভারতে একজনই সুপারস্টার আছেন, তিনি রজনীকান্ত।’
‘কাবালি’র এমন জয়জয়কারে সংশ্লিষ্টরা ধারণা করছেন, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড সৃষ্টি করতে চলেছে ‘কাবালি’।

ফিচার ডেস্ক