অটোরিকশায় মুন্নাভাই!
মুম্বাইয়ের রাস্তায় নামিদামি ব্র্যান্ডের সুপারকার হাঁকিয়ে বেড়াতেই অভ্যস্ত বলিউড সুপারস্টাররা। কালো কাচের ভেতর থেকে তাঁরা সবাইকেই দেখেন কিন্তু তাঁদের কেউ চিনতে পারে না।
তবে এবার দিব্যি অটোরিকশায় করে ঘুরে বেড়িয়েছেন কদিন আগে জেল থেকে ছাড়া পাওয়া ‘মুন্নাভাই’ মানে সঞ্জয় দত্ত।
ব্যাপারটা অবাক করার মতো হলেও গত ২৩ মার্চ রাতে এমনটিই করেছেন সঞ্জয়। নিজের প্রাইভেট কার বাদ দিয়ে অটোরিকশায় করেই বাসায় ফেরেন তিনি।
কালো শার্ট-প্যান্ট পরিহিত সঞ্জয়ের এমনই এক মুহূর্তের ছবি প্রকাশ করেছে ভারতীয় সংবাদ চ্যানেল এনডিটিভির অনলাইন সংস্করণ।
তবে বলিউড সুপারস্টারদের মধ্যে এ ঘটনা একেবারে নতুন নয়। সম্প্রতি সালমান খানও অটোরিকশায় চড়ে রাতের মুম্বাইয়ে ঘুরে বেড়িয়েছেন। মুম্বাইয়ের এক রেস্টুরেন্টে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর অটোরিকশা ভ্রমণে বেরিয়েছিলেন সালমান। তাঁর সঙ্গে ছিলেন আরেক অভিনেতা নিখিল দুবেদি।
১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার মামলায় সাজা খেটে গেল ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছেন সঞ্জয় দত্ত। সদ্য মুক্তি পাওয়া সঞ্জয়ের হাতে এখন রয়েছে তিনটি ছবির কাজ। এগুলোর মধ্যে একটি পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশন ছবি।
আরেকটি ছবি আসছে সঞ্জয়ে বন্ধু বিধু বিনোদ চোপড়ার পরিচালনায়। এই ছবিতে তুলে ধরা হবে একজন বাবা ও তাঁর মেয়ের মধ্যের সম্পর্ক।
তৃতীয়টি মুন্নাভাই সিরিজের সিক্যুয়াল। ‘মুন্নাভাই সিরিজের পরবর্তী এই ছবির কাজ শুরু হবে ২০১৭-তে’ বার্তা সংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন সঞ্জয়।

শেখ নিয়াম