অভিনয়ের জন্য ওজন কমালেন ২৮ দিনে ১৭ কেজি!
রণদীপ হুদার ছবি সব সময়ই যে বক্স অফিস গরম করে দেয় তা নয়, তবে তিনি জানেন কীভাবে সবার নজর কাড়তে হয়। এই যেমন আজ শুক্রবার তিনি সবাইকে চমকে দিলেন। একটি চরিত্রের প্রয়োজনে নিজেকে যেভাবে তৈরি করেছেন, তাতে সবাই হতভম্ব।
আসছে সরবজিত চলচ্চিত্রে রণদীপ দেখতে কেমন হবেন তা প্রকাশিত হয়েছে আজই। আর তাতেই তৈরি হয়েছে এই বিস্ময়। সংবাদমাধ্যমকে জানানো হলো, রণদীপ তাঁর চরিত্রের জন্য ২৮ দিনে ১৭ কিলোগ্রাম ওজন কমিয়েছেন!
সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস জানায়, সরবজিত চলচ্চিত্রে রণদীপ একজন ভারতীয়ের চরিত্রে অভিনয় করবেন যিনি গোয়েন্দাবৃত্তির অভিযোগে পাকিস্তানের কারাগারে বন্দি।
অপুষ্টিতে ভোগা, বিধ্বস্ত, জীর্ণশীর্ণ রণদীপের একটি ছবি প্রকাশ করেছেন পরিচালক ওমাং কুমার।
জীবনীভিত্তিক এ ছবিতে ঔশ্বরিয়া রাইও অভিনয় করছেন। তাঁর চরিত্রে রণদীপের ছোট বোনের, যিনি ভাইয়ের মুক্তির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।
অবশ্য এর আগে হলিউডে চরিত্রের প্রয়োজনে ব্যাপক ওজন কমানোর উদাহরণ আছে। ডালাস বায়ার্স ক্লাব ছবির জন্য অভিনেতা ম্যাথিউ ম্যাককোনাহে প্রায় ১৯ কিলোগ্রাম ওজন কমিয়েছিলেন। এর ফলে তিনি অস্কারের মনোনয়নও পান। দ্য মেশিনিস্ট ছবির জন্য ক্রিস্টিয়ান বেইল কমিয়েছিলেন ২৭ কেজি ওজন! এ ছাড়া জেক জিলেনহাল নাইটক্রলার ছবির জন্য ওজন কমিয়েছিলেন ১৩.৬ কেজি।

অনলাইন ডেস্ক