আবারও ক্যাটরিনার সাথে কাজ করতে চান সালমান
এক সময় দুজনের সম্পর্ক নিয়ে জমজমাট গল্প ছিল বলিউডে। সে সম্পর্ক ভেঙে গেলেও ভেঙে যায়নি সালমান-ক্যাটরিনার অনস্ক্রিন জুটি। ‘এক থা টাইগার’-এর দারুণ সাফল্যের পর ক্যাটরিনার সাথে কাজের কথা কি আর ভুলতে পারেন সালমান! এনডিটিভির খবরে জানা গেল, আবারও ক্যাটরিনার সাথে বড়পর্দা কাঁপাতে আগ্রহী বলিউডের ব্যাড বয়।
পিটিআইকে সালমান জানিয়েছেন, ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর পরবর্তী ছবিতে কাজ করতে যাচ্ছেন তিনি। কিন্তু ছবিটি সম্বন্ধে কোনো ধরনের তথ্য দেননি, জানিয়েছেন-এখন নাকি এ ছবি নিয়ে কথা বলা বারণ!
সালমান এবং অতুলের অবশ্য এই প্রথম কাজ নয়। বডিগার্ড ছবিতে একসাথে কাজ করেছেন তাঁরা। সেই ছবিতে আবার একটি বিশেষ গানে ক্যাটরিনার সাথে পারফর্ম করেছিলেন সালমান। সালমান জানিয়েছেন, পরবর্তী ছবিতে নায়িকা হিসেবে ক্যাটরিনাকে পেলে খুশিই হবেন তিনি। ‘ক্যাটরিনাকে ছবিটায় পেলে আমার ভালো লাগবে, তবে আমি এ বিষয়ে কিছু জানি না।’ এভাবেই বলেছেন সালমান। বরাবরের মতো, সালমানের এই ছবিও হতে যাচ্ছে অ্যাকশনে ভরপুর, পরিচালক হিসেবেও থাকবেন কবির খান।
শেষ পর্যন্ত যদি ক্যাটরিনাকে এই ছবিতে পাওয়া যায়, তাহলে সালমান-ক্যাট জুটির এটি হবে পঞ্চম ছবি। এর আগে এই দুজন ‘পার্টনার’, ‘যুবরাজ’, ‘ম্যায়নে পেয়ার কিঁউ কিয়া’ এবং ‘এক থা টাইগার’-এ একসাথে কাজ করেছেন।
ছবির কোনো নাম বা কাহিনী সম্বন্ধে অন্য কোনো সূত্রেও কোনো খবর মেলেনি এখনো। সালমান এখন তাঁর প্রযোজিত ছবি ‘হিরো’র প্রচারণায় খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন।

ফিচার ডেস্ক