‘তামাশা’ নিয়ে আসছেন রণবীর-দীপিকা
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র পর অনেকটা সময় পেরিয়ে গেছে। একের পর এক শক্ত শক্ত সব চরিত্র নিয়ে কাজ করে গেছেন রণবীর-দীপিকা। অবশেষে ‘তামাশা’র সুবাদে অন-স্ক্রিনে একটু স্বস্তিতে নিশ্বাস নেওয়ার ফুরসত মিলেছে দুজনেরই। মনোমুগ্ধকর কর্সিকা দ্বীপপুঞ্জে দুজনেরই শুটিংয়ের কাহিনী কি গল্প—ছিল প্রাণবন্ত।
ইমতিয়াজ আলির ছবিতে প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের সহজাত ভাব প্রকাশ সব সময়েই দেখা যায়। ‘তামাশা’র ক্ষেত্রেও এর রদবদল হয়নি। ভূমধ্যসাগরের দ্বীপ কর্সিকার ঝলমলে মাঠে আর বিভিন্ন জায়গায় ইচ্ছামতো দৌড়াদৌড়ি আর ঘুরে বেড়িয়েছেন তাঁরা। না, সেটা শুটিং করতে গিয়ে ঘোরাঘুরি, তা কিন্তু নয়! ‘তামাশা’ ছবির মধ্যেই দেখা যাবে দুজনকে কর্সিকায় ঘুরে বেড়াতে, কাহিনীই যেহেতু এমন।
‘তামাশা’য় দীপিকা পাড়ুকোন চরিত্র অনুযায়ী জনপ্রিয় কমিক হিরো অ্যাসটেরিক্সের পাঁড়-ভক্ত। অ্যাসটেরিক্সের অ্যাডভেঞ্চার লিস্টে কর্সিকাও রয়েছে, সে কারণে গল্পের চরিত্ররাও ছুট লাগিয়েছেন কর্সিকায়। এ-সংক্রান্ত বেশ কিছু ছবি দীপিকার টুইটার অ্যাকাউন্টে এবং ‘তামাশা’ ছবিটির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে। ছবির সঙ্গে টুইট, ‘কর্সিকায় তামাশা...ফান অন দ্য রান’!

২০১৩ সালে মুক্তি পেয়েছিল রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক কমেডি ঘরানার ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’। এই ছবির পর রণবীর বা দীপিকা, দুজনেই আর তেমন হালকা মেজাজের চরিত্রে অভিনয় করার সুযোগ পাননি। ‘বোম্বে ভেলভেট’-এ রণবীর বা ‘পিকু’র দীপিকার আর যা-ই হোক, খুব ‘সিরিয়াস’ না হয়ে পর্দার সামনে আসার সুযোগই মেলেনি। সে হিসেবে ‘তামাশা’ যে দুজনের জন্যই স্বস্তিকর হয়ে উঠেছে, তা তো বলার অপেক্ষা রাখে না। এ ছবি বক্স অফিসে মার খেলে অবশ্য এই স্বস্তি একটু বেশিই অস্বস্তিকর হয়ে উঠতে পারে রণবীরের জন্য। সর্বশেষ তিনটি ছবিতে একটানা ফ্লপ যে তিনি!
ছবিটি মুক্তি পেতে যাচ্ছে ২৭ নভেম্বর।

সামি আল মেহেদী