সাত দিনে আয় ৪৫ কোটি!
চিত্রনাট্যকার থেকে অভিনেতা বনে যাওয়া নবীন পলিশেঠির বহুল আলোচিত তেলেগু সিনেমা ‘জথি রতনালু’। মহাশিবরাত্রি উপলক্ষে গত ১১ মার্চ মুক্তি পায় সিনেমাটি। এই কমেডি-ড্রামার গল্প তরুণকুলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তিন তরুণের কাহিনি নিয়ে নির্মিত এ সিনেমা।
করোনা মহামারির মধ্যেও প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘জথি রতনালু’ বক্স অফিসে ঝড় তুলেছে। দর্শক ও চিত্রসমালোচকদের মুখেও এ সিনেমার প্রশংসা।
এবার এ সিনেমার ব্যবসা প্রসঙ্গে আসা যাক। ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট ডটকমের খবর, মুক্তির দিন এ সিনেমা অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা বক্স অফিসে সংগ্রহ করেছে ৩.৯৪ কোটি রুপি। দ্বিতীয় দিন সংগ্রহ করে ২.৯৭ কোটি রুপি। তৃতীয় দিন সংগ্রহ বেড়ে দাঁড়ায় ৪.২৮ কোটি রুপিতে।
এরপর রোববার সাপ্তাহিক ছুটির দিনে এ সিনেমা সংগ্রহ করে ৫.৩৩ কোটি রুপি। পঞ্চম ও ষষ্ঠ দিনে সংগ্রহ করে যথাক্রমে ২.৭৪ কোটি ও ২.০৫ কোটি রুপি। আর সপ্তাহের শেষ দিনে এ সিনেমা সংগ্রহ করে দুই কোটি রুপি। ভারতে সব মিলিয়ে এক সপ্তাহে নবীনের সিনেমার সংগ্রহ ২৩.৩১ কোটি রুপি।
এদিকে, তেলেগু দৈনিক সাক্ষী পোস্টের ইংরেজি সংস্করণের খবর, ‘জথি রতনালু’ বিশ্বব্যাপী বক্স অফিসে প্রায় ৪৫ কোটি রুপি সংগ্রহ করেছে। থালাপথি বিজয়ের ‘মাস্টার’ ও বৈষ্ণব তেজের ‘উপ্পেনা’র পর এ সিনেমা এত বড় অঙ্কের অর্থ সংগ্রহ করল।
অনুদীপ কে ভি-র রচনা ও পরিচালনায় ‘জথি রতনালু’ প্রযোজনা করেছে নাগ অশ্বিনের স্বপ্না সিনেমা। এতে নবীন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে প্রিয়দর্শী পুলিকোন্ডা, রাহুল রামকৃষ্ণ, ফারিয়া আবদুল্লাহ, মুরালি শর্মা, ব্রাহ্মণনন্দম, নরেশ ও ব্রহ্মাজিকে।

বিনোদন ডেস্ক