কাল রাতে এনটিভিতে ‘সে’
জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে আগামীকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় প্রচার হবে একক নাটক ‘সে’। নাটকটি পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ রানা ও সুব্রত মিত্র।
নাটকটির রচনা ও চিত্রনাট্য জহির করিমের। চিত্রগ্রহণ আনোয়ার হোসেন বুলুর। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, গোলাম কিবরিয়া তানভীর, নাবিলা ইসলাম, রেশমী প্রমুখ। সম্পাদনা করেছেন শোভন সরকার।
নাটকের গল্পে দেখা যাবে, রক্তিম ও চৈতীর বিয়ে হয়েছে কিছুদিন। দাম্পত্যজীবনে ওরা বেশ সুখী। কিন্তু তিন-চার দিন ধরে রক্তিম লক্ষ করে, কেউ একজন ওদের দুজনকে বা ওদের বাড়িটাকে নজরে রেখেছে। ব্যাপারটা নিয়ে রক্তিম চৈতীর সঙ্গে আলোচনা করলেও ভেতরে-ভেতরে খুবই চিন্তিত। যে লোকটা নজরে রেখেছে, সে দেখতে ধান্দাবাজ টাইপের।
একদিন দুপুরে চৈতী বাসায় একা। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। চৈতী ক্লান্ত পায়ে এসে দরজা খুলতেই হুড়মুড় করে সেই লোকটি ঘরে প্রবেশ করে। লোকটির নাম দিহান। সে চৈতীকে নানাভাবে ভয় দেখাতে থাকে। একপর্যায়ে শারীরিকভাবে আক্রমণ করলে চৈতী চিৎকার শুরু করে। সে চৈতীর মুখ চেপে ধরে এবং চড়-থাপ্পড় মারতে থাকে। তার কথা শুনে মনে হয়, সে চৈতীর সাবেক প্রেমিক। চৈতী তাকে ঠকিয়ে রক্তিমকে বিয়ে করেছে।
অন্যদিকে, রক্তিম অফিস থেকে কোনোভাবেই চৈতীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না। ল্যান্ডফোন, মোবাইল ফোন—সবই বন্ধ পায়। অস্থির হয়ে সে অফিস থেকে বেরিয়ে যায়। দ্রুত বাসায় গিয়ে সে অনবরত কলিং বেল চাপে, দরজায় ধাক্কা মারে; কিন্তু কেউ দরজা খোলে না। একসময় সে অন্যদের সহায়তায় দরজা ভেঙে ফেলে। ভেতরে প্রবেশ করে রক্তিম চমকে ওঠে। এমন টানটান উত্তেজনা নিয়ে গল্পটি সমাপ্তির দিকে এগোয়।

বিনোদন ডেস্ক