তানোরে দিনমজুরকে পিটিয়ে হত্যা
রাজশাহীর তানোর উপজেলার হরিশপুর গ্রামে শহীদুল ইসলাম (৩৫) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ শুক্রবার সকালে স্থানীয়রা শহীদুলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
শহীদুল উপজেলার বহরইল গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবদুস সালাম জানান, শহীদুলের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দেখে মনে হয়েছে, কেউ তাঁকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করেছে।
ওসি আরো জানান, শহীদুলের বাড়ির অদূরে হরিশপুর গ্রামের গভীর নলকূপের পাশের একটি ক্ষেতের মধ্যে শুক্রবার সকালে মরদেহ পড়ে ছিল। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে আশপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।
এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শ. ম সাজু, রাজশাহী