রাজশাহীতে ট্রাকের ধাক্কায় এসআই নিহত
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় নিহত পুলিশের এসআই আজাহার আলীর লাশ। ছবি : এনটিভি
রাজশাহীতে ট্রাকের ধাক্কায় পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এসআইর নাম আজাহার আলী। তিনি রাজশাহী আরআরএফে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলার ভানচিপাড়া গ্রামে।
রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, এসআই আজাহার আলী মোটরসাইকেল নিয়ে সকালে কাশিয়াডাঙ্গা এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নিতে যান। ফেরার পথে একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এসআই আজাহারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পালিয়ে যাওয়ার সময় নগরীর শাহ মখদুম থানার পুলিশ চালকসহ ট্রাকটি আটক করেছে।

শ. ম সাজু, রাজশাহী