নিষ্ফলা গাছে ঢিল পড়ে না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁরা বেশি কাজ করছেন তাই তাঁদের সমালোচনা বেশি। যাঁরা কাজ করেননি তাঁদের সমালোচনা নেই। আজ রোববার গণভবনে তিনি এই কথা বলেন।
urgentPhoto
প্রধানমন্ত্রী আজ গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নাটোর, নারায়ণগঞ্জ, নরসিংদীর ঘোড়াশাল ও মুন্সীগঞ্জে মোট ৩১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি বিদ্যুৎকেন্দ্র এবং মেঘনাঘাট ও আমিনবাজারের মধ্যে নির্মিত সঞ্চালন লাইনের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই বিদ্যুৎ খাতের উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। বর্তমান সরকারের নেওয়া পদক্ষেপে দেশের ৭০ শতাংশ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। ২০০৯ সালে তিনি দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল তিন হাজার ২০০ মেগাওয়াট। আর সরকারের নেওয়া পদক্ষেপের ফলে সেই সক্ষমতা দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬৫ মেগাওয়াটে। আর এ পর্যন্ত সর্বোচ্চ উৎপাদন হয়েছে সাত হাজার ৫৭১ মেগাওয়াট।
বর্তমান সরকারই প্রথম ভারত থেকে বিদ্যুৎ আমদানি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘এখন ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৫০০ মেগাওয়াট আসছে। সেখান থেকে আরো ৫০০ মেগাওয়াট আসবে। আর ত্রিপুরা থেকে আরো ১০০ মেগাওয়াট আমদানি করা হবে।’
সরকারবিরোধীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন বাড়ালাম, সে বিদ্যুৎ ব্যবহার করে টেলিভিশন চলে। সেখানে এয়ারকন্ডিশনারে বসার সুযোগ পান। সেই আরামদায়ক অবস্থানে থেকে আমাদের বিরুদ্ধে সমানে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। কথায় আছে, উপকারীকে বাঘে খাক। এটাই বোধহয় তাদের মানসিকতা। আমরা বেশি উপকার করে দিচ্ছি কাজেই আমাদের সমালোচনা বেশি। বঙ্গবন্ধু একটা কথা বলতেন, যে গাছ ফল দেয় সে গাছেই ঢিল পড়ে। নিষ্ফলা গাছে ঢিল পড়ে না। যারা কাজ করেনি তাদের সমালোচনা নেই।’ প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ সুন্দরভাবে বাঁচবে এটাই আমাদের লক্ষ্য।’

নিজস্ব প্রতিবেদক