ভাঙ্গায় গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর কুমার নদ থেকে ঝর্ণা বেগম (৪৫) নামে এক গৃহবধূর গলাকাটা বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার লাশের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত গৃহবধূ পৌরসদরের মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের গেদু মাতুব্বরের স্ত্রী।
ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মোজাফফার হোসেন জানান, সম্প্রতি ঝর্ণা বেগম এলাকার সোহেল নামের এক যুবককে ২০ হাজার টাকা ধার দেন। গত ২১ আগস্ট সোহেল মোবাইল ফোনে ধারের টাকা ফেরত দিতে পুখুরিয়া গ্রামে ওই নারীকে ডেকে নেন। একপর্যায়ে তাঁকে কয়েকজন মিলে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর বস্তাবন্দি করে কুমার নদে ফেলে দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কুমার নদে একটি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এলে ঝর্ণার পরিবারের সদস্যরা লাশটি শনাক্ত করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর