ছিনতাইয়ের শিকার রাবি শিক্ষক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা ল্যাপটপ, মোবাইল ফোনসেট, ১৬ হাজার টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে।
গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফটক সংলগ্ন মণ্ডলের মোড়ে এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. গোলাম ফারুক সরকার। এ ঘটনায় আজ মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
এ বিষয়ে গোলাম ফারুক সরকার বলেন, ‘রাত সাড়ে ১১টায় আমি তালাইমারী থেকে অটোরিকশায় করে বিনোদপুর যাচ্ছিলাম। বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে একটু সামনে মণ্ডলের মোড়ে যেতেই তিন ছিনতাইকারী একটি মোটরসাইকেল নিয়ে আমাদের গতিরোধ করে। এ সময় আমার অটোরিকশায় থাকা অন্য এক যাত্রী পালিয়ে গেলেও আমি পারিনি। তারা আমাকে চাপাতি দেখিয়ে আমার ব্যাগসহ ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র, মোবাইলফোনসেট ও মানিব্যাগসহ ১৬ হাজার টাকা নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় একটি জিডি করেছি।’
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, এ ঘটনায় ওই শিক্ষক থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।

রাবি সংবাদদাতা