সুন্দরবনে অপহৃত ১০ মৌয়াল উদ্ধার
চাঁদা আদায়ের দাবিতে জলদস্যুদের হাতে জিম্মি ১০ মৌয়ালকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা থেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ শুক্রবার দিনভর অভিযান চালিয়ে দুটি নৌকাসহ তাঁদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ডের সাতক্ষীরার কৈখালী ক্যাম্প ইনচার্জ ওমর ফারুক জানান, তাঁদের কাছে অভিযোগ আসে যে গভীর সুন্দরবনে মধু ভাঙতে যাওয়া ১০ জন মৌয়ালকে জলদস্যুরা জিম্মি করে রেখেছে। তাঁদের কাছ থেকে মাথাপ্রতি ২০ হাজার টাকা হিসেবে দুই লাখ টাকা আদায়ের জন্য চাপ দেওয়া হচ্ছে এবং তাঁদের মারপিট করা হচ্ছে।
ওমর ফারুক বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত বনের কাচিকাটা এলাকায় অভিযানে যাই। এ সময় আমাদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা মৌয়ালদের ফেলে রেখে পালিয়ে যায়। সন্ধ্যায় দুটি নৌকাসহ ১০ জন মৌয়ালকে উদ্ধার করা হয়।’
উদ্ধার হওয়া ১০ মৌয়াল হলেন আমিনুর, মিজানুর রহমান, কবির, রতন, মোজাম্মেল, কাশেম, রেজাউল, শাহিনুর, রহিম ও খোকন। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সাপখালী গ্রামে বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা।

সুভাষ চৌধুরী, সাতক্ষীরা