গভীর রাতে ‘অন্যের ঘরে’, আ. লীগ নেতা আটক
গভীর রাতে ‘অন্যের ঘরে’ প্রবেশ করায় মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে (৬২) স্থানীয়রা আটক করে। পরে সালিশ বৈঠকে মুচলেখা দিয়ে ছাড়া পান তিনি। গতকাল রোববার রাতে উপজেলার কাতরাশিন গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রফিকুল ইসলাম কাতরাশিন গ্রামে একটি বাড়িতে গত কয়েক বছর ধরেই যাতায়াত করতেন। একপর্যায়ে ওই বাড়ির এক নারীর সঙ্গে ‘সম্পর্ক’ গড়ে তুলেন। বিষয়টি নিয়ে ওই নারীর স্বামী বেশ কয়েকবার সতর্কও করেন রফিকুলকে।
গতকাল রোববার রাতে রফিকুল ওই বাড়িতে আবারও গেলে লোকজন টের পেয়ে তাঁকে আটক করে এবং পিটুনি দিয়ে বেঁধে রাখে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের শত শত লোকজন ওই বাড়িতে ভিড় করে।
এরপর রফিকুলকে ছাড়াতে ইউপি সদস্য আবদুল মান্নান, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন সাহা ও রফিকুলের দুই ছেলে ঘটনাস্থলে যান। সেখানে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে সালিশ বসে লিখিত দিয়ে রফিকুলকে ছাড়িয়ে আনা হয়।
উথলী ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ওই বাড়ির এক নারীর সঙ্গে রফিকুল সম্পর্কে জড়িয়ে ছিলেন। রাতে আবার আসায় লোকজন তাঁকে আটক করে। পরে বিষয়টি সালিশে মীমাংসা হয়।
এ ব্যাপারে শিবালয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউর রহমান জানু জানান, ঘটনাটি তিনি শুনেছেন। ভালোভাবে খোঁজখবর নিচ্ছেন।
এ ব্যাপারে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ