মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
ঈদের আনন্দে মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে হয়ে গেল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। মানুষকে আনন্দ দিতে হাটিপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রতিবারের মতো এবারও এই নৌকাবাইচের আয়োজন করে।
ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে আজ সোমবার বিকেলে লক্ষাধিক মানুষ জড়ো হয় কালীগঙ্গার দুই ধারে। পরিণত হয় মিলনমেলায়।
নৌকাবাইচে অংশ নেয় জেলার বিভিন্ন অঞ্চল থেকে খেল্লা, ঘাসি, চিপা, চৈলাসহ বিভিন্ন প্রকারের ২০টি নৌকা। ছোট-বড় নৌকায় চড়ে বাদ্যের তালে তালে আনন্দ করে নানা বয়সী মানুষ।
নৌকাবাইচের অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, হাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) আনোয়ার হোসেন আঙ্গুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় চৈলা নৌকার বাইচে জিন্নত আলী মাস্টারের সোনার চান ও খেল্লা নৌকার বাইচে মোল্লাবাড়ির নৌকা প্রথম হয়। বাইচ শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারী সব নৌকাবাইচাদের পুরস্কার বিতরণ করা হয়।
নদীর দুই ধারে নানা বয়সী লাখো মানুষ বাইচে আনন্দে মেতেছিল। এ ছাড়া অন্যান্য নৌকা, স্পিডবোট, ট্রলার ও ভেলায় চড়ে বাদ্যের তালে তালে আনন্দ করে বহু মানুষ। সরকারি পৃষ্ঠপোষকতায় ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ ধরে রাখার আহ্বান তাদের।
আয়োজকরা জানালেন, ঈদ আনন্দকে বাড়িয়ে দিতে ও গ্রামীণ ঐতিহ্য ধরে রাখতেই প্রতিবছরের মতো এবারও এই নৌকাবাইচের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক গোলাম মহিউদ্দিন বলেন, নদী-খাল খনন করে সরকারিভাবে পৃষ্ঠপোষকতায় গ্রামীণ এই ঐতিহ্যবাহী নৌকাবাইচকে টিকিয়ে রাখতে সরকার কাজ করছে।

আহমেদ সাব্বির সোহেল, মানিকগঞ্জ