ভুয়া চিকিৎসক কারাগারে
সিলেটে দীর্ঘদিন ধরে চিকিৎসক সেজে মানুষের সাথে প্রতারণার দায়ে এক যুবককে ১৫ দিনের জন্য জেলহাজতে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ওই যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সিলেট শহরতলীর জালালাবাদ থানায় শিবের বাজারে ‘মেসার্স মোসতাসিম ফার্মেসি’র মালিক মোসতাসিম বিল্লাহ ফিরোজকে এ সাজা দেওয়া হয়।
অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম ও জিয়াউল ইসলাম চৌধুরী এবং জেলা স্যানিটারি পরিদর্শক স্নিগেন্দু সরকার।
অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সাহিদুল আলম জানান, মোসতাসিম চিকিৎসক পরিচয় দিয়ে দীর্ঘ ধরে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন। আজ অভিযানের সময় তাঁর কাছে এর স্বপক্ষে কোনো কাগজপত্র, প্রমাণাদি না থাকায় তাঁকে এ সাজা দেওয়া হয়।
সাহিদুল আলম বলেন, ‘ফার্মেসিতে থাকা প্যাডের মধ্যে লেখা ছিল ‘ডা. মোসতাসিম বিল্লাহ, মেডিকেল অ্যাসিসটেন্ট, ডিএমএফবিএইচই (ম্যাটস কুমিল্লা), এক্সরে, পিজিপি ইন, কুমিল্লা সদর হাসপাতাল, মা ও শিশু বিষয়ক প্রশিক্ষণপ্রাপ্ত, মিরপুর মা ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হাসপাতাল, ঢাকা।’
প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত মোসতাসিম বিল্লাহকে ১৫ দিনের জেল এবং ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে একই এলাকার সোনাতলা বাজারে ‘শাহজালাল ফার্মেসি’তে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ফার্মেসির মালিক জালাল আহমদকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। একই সময়ে গাঁজা বিক্রির সময় আলাউদ্দিন (২৮) নামের এক যুবককে তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মারুফ আহমেদ, সিলেট