ঈদের নামাজ পড়া হলো না বাবা-ছেলের
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। আজ শনিবার সকালে তাঁরা ঈদের নামাজ পড়ার জন্য মাঠে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দেবপুর শেওরিন টেক্সটাইলস মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার রামপুর মোল্লাবাড়ির আজহারুল ইসলাম ও তাঁর ছেলে নূর মোরশেদ।
ময়নামতি হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) অমর পাল এনটিভি অনলাইনকে জানান, আজহারুল ইসলাম ছেলে নূর মোরশেদ নিয়ে মোটরসাইকেলে করে দেবপুর ঈদগাহ মাঠে নামাজ পড়তে যাচ্ছিলেন। এ সময় সিলেট থেকে কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা