ফরিদপুরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন
ফরিদপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী কাঞ্চন হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় দেন।
রায় ঘোষণার সময়ে আসামি কাঞ্চন হালদার (৩৪) আদালতে উপস্থিত ছিলেন। তাঁর বাড়ি ফরিদপুর শহরের ভাটিলক্ষ্মীপুরে।
ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট স্বপন কুমার পাল জানান, ২০০৯ সালের ১৪ জুন ভোর রাতে কাঞ্চন হালদার স্ত্রী স্বপ্না মালোকে (২৪) কুপিয়ে আহত করেন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় স্বপ্না মালোর বাবা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর এলাকার জীবন মালো বাদী হয়ে কোতোয়ালি থানায় নারী নির্যাতন ও যৌতুক আইনে মামলা করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত স্বামী কাঞ্চন হালদারকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

সঞ্জিব দাস, ফরিদপুর