ফাঁকা বাড়িতে মিলল প্রতিবন্ধী শিশুর ঝুলন্ত লাশ
ফরিদপুরের সদরপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী শিশুর (১১) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় শিশুটির বাবা-মা বাড়ির বাইরে ছিলেন। পুলিশের দাবি, শিশুটি আত্মহত্যা করেছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রাম থেকে শিশুর লাশটি উদ্ধার করা হয়। নিহত সালমা ওই গ্রামের সালাউদ্দিন বেপারীর মেয়ে।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর রশীদ দাবি করেন, সালাউদ্দিন একজন ভ্যানচালক। প্রতিদিনের মতো আজও সকালে তিনি ভ্যান নিয়ে বেরিয়ে যান। আর তাঁর স্ত্রী পারিবারিক কাজে বাইরে ছিলেন।
‘বাড়িতে লোকজন না থাকায় তাদের শারীরিক প্রতিবন্ধী মেয়ে সালমা নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।’
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।

সঞ্জিব দাস, ফরিদপুর