যশোরে ১২০০ গ্রাম হেরোইনসহ সাতজন আটক
যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট এলাকা থেকে এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ সাতজনকে আটক করেছেন র্যাব-৬-এর সদস্যরা। আটক ব্যক্তিদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-৬ যশোর ক্যাম্পে গতকাল রোববার রাত ৯টায় এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম সরোয়ার হুসাইন জানান, বেনাপোল থেকে একটি মাইক্রোবাসে হেরোইন নিয়ে কয়েকজন রাজশাহীর উদ্দেশে যাত্রা শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে যশোর-বেনাপোল সড়কের পুলেরহাটে চেকপোস্ট বসায় র্যাব। বিকেল সাড়ে ৪টার দিকে কালো রংয়ের একটি মাইক্রোবাস তল্লাশি করে এক কেজি ২০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ সময় মাইক্রোবাসে থাকা সাতজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া হেরোইন ও আটক সাতজনকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর ও এ ব্যাপারে মামলা করা হয়েছে। সাতজন হলেন জাহাঙ্গীর আলম, ওয়াসিম উদ্দিন আহম্মেদ, হান্নান মৃধা, ফারুক হোসেন, আহাদ আলী (ড্রাইভার), তাহের উজ্জামান ও ফজর আলী।

সাইফুল ইসলাম সজল, যশোর