যশোরে বোমা ফাটিয়ে ছিনতাইয়ের ঘটনায় আটক ৫
যশোরে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তারকৃত পাঁচজন আসামি। ছবি : এনটিভি
যশোরে দিনে-দুপুরে থানার পাশে বোমা ফাটিয়ে ও ছুরিকাঘাত করে ব্যবসায়ীর ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় লুণ্ঠিত দুই লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি চাকু, ব্যাগ, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন টিপু, সাইদ, বিল্লাল, রায়হান ও ইমদাদুল। তাঁদের বাড়ি যশোর শহরের বিভিন্ন এলাকায়।
আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, ‘সিসি টিভি ফুটেজ থেকে আসামিদের শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ। এরপর অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে।’

সাইফুল ইসলাম সজল, যশোর