চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে সতর্কতা
কোরবানির চামড়া ভারতে পাচার রোধে বেনাপোল সীমান্তের বিভিন্ন পয়েন্টে সতর্কতা জারি করেছে বিজিবি। এরই মধ্যে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথে বিজিবির টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বাংলাদেশে কোরবানির চামড়ার দাম কম হওয়ায় ভারতে পাচারের জন্য নানা কৌশল নিয়েছে পাচারকারিরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বোনাপোলের পুটখালী, গোগা, কায়বা, অগ্রভুলোট, রুদ্রপুর, দৌলতপুর, গাতিপাড়া, ঘিবা, সাদিপুর, বড় আঁচড়া, কাশিপুর ধান্যখোলা ও রঘুনাথপুর সীমান্ত এলাকা দিয়ে চামড়া পাচারের ঝুঁকি থাকায় নজরদারি বাড়িয়েছে বিজিবি।
স্থানীয় চামড়া ব্যবসায়ীদের মতে, ভারতের চেয়ে বাংলাদেশের পশুর চামড়ার গুণগত মান উন্নত। তাই এদেশীয় চামড়ার ব্যাপক চাহিদা রয়েছে ভারতে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, সীমান্তপথে ভারতে চামড়া পাচার রোধে বিজিবিকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সীমান্তের বিভিন্ন পয়েন্টে কড়া নজরদারি রাখছে বিজিবি সদস্যরা। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে। অবৈধভাবে ভারতে চামড়া পাচার করতে না পারে সেজন্য ঝুঁকিপূর্ণ সীমান্তগুলোতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মহসিন মিলন, বেনাপোল