এবার নামবে বৃষ্টি!
শৈত্যপ্রবাহ কমতে শুরু করেছে। এর ফলে গত কয়েকদিনের জবুথবু অবস্থার কিছুটা উন্নতিও হচ্ছে। আগামী পরশু অর্থাৎ মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
তবে দুদিন ভাল থেকে আবার এ মাসের শেষ দিকে ২৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর। আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই শঙ্কার তথ্য প্রকাশ করা হয়েছে।
সেখানকার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে আজ ঢাকায় সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে গতকাল শনিবার ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এ সময় তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ছিল।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র অনুযায়ী, ঢাকায় গত ২০ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি, গত ১৯ ডিসেম্বর ১৩ ডিগ্রি, গত ১৮ ডিসেম্বর ১৬ দশমিক ২ ডিগ্রি, গত ১৭ ডিসেম্বর ১৭ দশমিক ৬ ডিগ্রি, গত ১৬ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, পাবনা, যশোর, তেঁতুলিয়া ও চুয়াডাঙ্গা অঞ্চলসমূহের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

নিজস্ব প্রতিবেদক